জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে দেশটির বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলাহাত্তিন বিলগেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইস্তাম্বুল বিমানবন্দরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ ও দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।