অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে গানে গানে দর্শক মাতাতে অবস্থান করছেন দুই বাংলার দুই রক তারকা নগরবাউল জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। সিডনিতে পৌঁছে জেমসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিজের ‘গুরু’ অভিহিত করে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রূপম।
জেমসের প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে রূপম লিখেছেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?’
আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে অস্ট্রেলিয়াপ্রবাসী দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এর আগে ২০২৪ সালে ভারতের একটি কনসার্টেও জেমস ও রূপমকে একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল।