হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭৪ ভরি (৮৬১.৮ গ্রাম) স্বর্ণালংকারসহ মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২১ ও ২২ ক্যারেটের ওই স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছিল এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।