দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাব মিডিয়া থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে তথ্যদাতা গোপনে ও নিরাপদে পুরস্কার গ্রহণ করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে এই বিশেষ যৌথ অভিযানে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
হারানো সরকারি অস্ত্র সম্পর্কে তথ্য জানাতে র্যাবের বেশ কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। এছাড়া সাধারণ ফোনকলের পাশাপাশি উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য প্রদান করা যাবে।
র্যাব আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা ও তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।