নাটোরের বড়াইগ্রামে স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকোল বাজারে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাটোর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জুয়েলারি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। স্টিকারে উল্লেখ করা হয়— "স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।"

কর্মসূচিতে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, এএসআই মাইনুল ও এএসআই তারিকুলসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন রোধে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।