ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. পারভেজ হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন একটি পুরোনো পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ মধ্য চাড়োল গ্রামের আনোয়ার হোসেন ও পারভিন আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার তিন দিন আগে বাড়ি থেকে ছয় হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হন পারভেজ। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন চৌরঙ্গী বাজারের পাশের পুরোনো পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে নিহতের মা পারভিন আক্তার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিহতের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।