বরগুনার পাথরঘাটা উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে পিয়ারা বেগম (৬২) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে ঝগড়া ও কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় তাদের শান্ত করতে চাচি পিয়ারা বেগম এগিয়ে গেলে আল আমিন ক্ষিপ্ত হয়ে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ না পেলেও অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।