রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় স্বামীর নির্যাতন ও হুমকির মুখে ঘরছাড়া হয়েছেন এক সন্তানের জননী রিমা আক্তার। স্বামী পাবেল ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন এবং জোরপূর্বক বাসা থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

নিজেদের পাঁচ বছরের পরিচয়ের পর বিয়ে হলেও শুরু থেকেই পাবেল বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতে থাকেন বলে জানান রিমা। মা-বাবা বেঁচে না থাকায় তিনি নিজের জমি বিক্রি করে স্বামীকে প্রায় ১০ লাখ টাকা দেন। তাদের ঘরে মুশফিকা আরশ নামের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

রিমার অভিযোগ, স্বামীর পরিবারের প্ররোচনায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো এবং একাধিকবার তালাকের কাগজ দেওয়া হয়। সর্বশেষ গত ২৪ আগস্ট তাকে জোরপূর্বক বাসা থেকে বের করে ঢাকা উদ্যান এলাকার একটি কাজী অফিসে নিয়ে আবারও তালাকনামায় স্বাক্ষর রাখা হয়। এর আগে দেবর নাঈমের নেতৃত্বে তার বাসায় হামলা ও মারধরের ঘটনাও ঘটে, যেখান থেকে তিনি ৯৯৯-এ ফোন করে সহায়তা নেন।

বর্তমানে নিজের প্রাপ্য অর্থ, কাবিনের টাকা এবং চার বছরের সন্তানের ভরণপোষণ ও আইনি অধিকার ফিরে পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, থানা-পুলিশ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের হস্তক্ষেপ কামনা করেছেন রিমা আক্তার।