দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাতে পররাষ্ট্রমন্ত্রীর দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দোহা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক করবেন। এই সফরে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহায় যাবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সফরের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ অক্টোবর রাতে পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।