ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হজরত খরমপুর কেল্লা শহীদ (রহ.)-এর মাজারের বার্ষিক ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল বিবি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজেল বিবি ওরসে যোগ দিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খড়মপুর মাজারে এসেছিলেন। পরে মাজারসংলগ্ন ঘাট এলাকায় পৌঁছালে নৌকা দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।