ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছে ‘হিন্দু রক্ষা দল’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। মাদরাসা প্রাঙ্গণে গিয়ে সেখানে গঙ্গার পানি ছিটিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছে তারা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, আগামী মঙ্গলবার দেওবন্দে গিয়ে গঙ্গার পানি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সম্প্রতি এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা জানান, তাদের দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীসহ অন্যান্য সদস্যরা হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে সেখানে যাবেন।
ললিত শর্মা দাবি করেন, এর আগে প্রশাসনের কাছে তারা ওই স্থানে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি চেয়ে দাবি জানিয়েছিলেন যে সেখানে একটি শিব মন্দির বা শিবলিঙ্গ রয়েছে। কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত না করায় তারা নিজেরাই সেখানে গিয়ে গঙ্গার পানি ছিটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে এই উসকানিমূলক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর অবস্থানের কথা জানিয়েছে। দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং পিটিআইকে বলেন, কাউকে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। যদি কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।