কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।
গত শনিবার (৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং পৌরসভার পূর্ণমতি এলাকার কাঁচা-পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ভারতের ত্রিপুরার সোনামুড়ার সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের প্রাইভেটকার চালক মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই শামসুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।