সকালটা ছিল স্বাভাবিক। গরু নিয়ে হাটের পথে ছুটছিল ভুটভুটি। গন্তব্য ছিল চান্দাইকোনা গরুর হাট। কিন্তু পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন গরু ব্যবসায়ীর। নিহতদের মধ্যে রয়েছেন দুই সহোদর ভাই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন গরু ব্যবসায়ী গরু নিয়ে ভুটভুটিতে করে চান্দাইকোনা হাটের উদ্দেশে রওনা হন। পথে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে রাজশাহীগামী আর.আর.বি. বাসের সঙ্গে ভুটভুটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় ভুটভুটিটি। ছিটকে পড়ে গরু ও মালামাল; আর মহাসড়কে ছড়িয়ে পড়ে আহতদের আর্তনাদ।
সংঘর্ষের সময় বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে ভুটভুটিতে থাকা গরু ব্যবসায়ীদের মধ্যে আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে গুরুতর আহত আক্কাস আলীকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপরদিকে, গুরুতর আহত তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়। ফলে মর্মান্তিক এ দুর্ঘটনায় দুই সহোদরসহ প্রাণ হারান তিন গরু ব্যবসায়ী।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।