র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারকসহ একটি প্রসিকিউশন টিম।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরাও এই পরিদর্শনে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। ওই দিন র্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতন চালানোর চাঞ্চল্যকর বিবরণ তুলে ধরেন তিনি।