বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের সার্বিক উদ্যোগে ও নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
আজ (শুক্রবার) বিকেলে টঙ্গীর প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন বলেন, "বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার দেশের একজন সূর্যসন্তান। অবিলম্বে তার বিরুদ্ধে থাকা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ জনগণ, নুরুল ইসলাম সরকারের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানিক, আমান, লোকমান, তুষার, আকরাম, রবিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।