সুরক্ষা কিংবা বিশেষ নিরাপত্তাজনিত কারণে সাধারণ মানুষের অবাধ প্রবেশের অনুমতি না থাকলেও কারখানার ভেতরের নামাজ ঘরে কর্মকর্তা-কর্মচারীরা জুমার নামাজ আদায় করতে পারবেন এবং তা সম্পূর্ণ সহিহ ও জায়েজ হবে।

ইসলামি ফিকহের বিধান অনুযায়ী, জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য সাধারণ অনুমতি বা 'ইজনে আম' থাকা অন্যতম শর্ত হলেও, কারখানা বা বিশেষ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক কর্মীদের ক্ষেত্রে যেখানে জীবিকা ও নিরাপত্তার স্বার্থে বাইরে যাওয়ার সুযোগ থাকে না, সেখানে জুমার নামাজ আদায়ে বাধা নেই।

ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী: ১. জুমার নামাজ আদায়ের জন্য স্থানটি ওয়াকফকৃত শরয়ী মসজিদ বা 'জামে মসজিদ' হওয়া বাধ্যতামূলক নয়; উপযুক্ত স্থানে জামাতবদ্ধ হয়ে জুমা পড়া যাবে। ২. জুমার পড়ার পরিবেশ ও সুযোগ থাকা সত্ত্বেও জুমা না পড়ে জোহর পড়া জায়েজ হবে না, কারণ মুকিম বা স্থায়ীভাবে অবস্থানকারীদের জন্য জুমার নামাজ পড়া ফরজ।

তবে ইসলামে যেকোনো ফরজ নামাজ ওয়াকফকৃত মসজিদে গিয়ে আদায় করা উত্তম। জুমার ক্ষেত্রেও নিয়ম হলো পৃথক ছোট ছোট জামাত না করে বড় জামে মসজিদে একত্রে শরিক হওয়া, কিন্তু বিশেষ কোনো ওজর বা বাধ্যবাধকতা থাকলে কারখানা কিংবা প্রতিষ্ঠানের ভেতরের নামাজ ঘরেই জুমা পড়া যাবে।