অধ্যক্ষের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচারে ২ দফা দাবি জানিয়ে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিক্স কলেজ) শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আবারও কলেজের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের দুই দফা দাবি হলো— অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগের লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। দ্বিতীয়ত, মধ্যরাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ, লাঠিচার্জ ও ছাত্রীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করা এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি জানানো।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে। এ সময় পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের চুল ধরে টানা-হেঁচড়া, লাঠিচার্জ ও আবাসিক হলে ঢুকে মারধরের অভিযোগ ওঠে। হামলায় আহত কয়েকজন ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে শিক্ষার্থীরা জানান।

ঘটনার সূত্রপাত বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অডিটোরিয়াম ব্যবহার করায় দুই শিক্ষার্থীর হলের আসন বাতিল করেন অধ্যক্ষ। পরবর্তীতে আসন ফিরিয়ে দিতে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

তবে সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা জানান, শৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিদ্যুৎ অপচয়ের দরুন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সাদা কাগজে পদত্যাগ করার কোনো সুযোগ নেই।

এদিকে, শুক্রবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা চলাকালে বিঘ্ন না ঘটানোর কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে পরীক্ষার বাহানায় অধ্যক্ষ যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।