হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ (শুক্রবার) চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নেবেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দু’দিনব্যাপী এই বার্ষিক মহাসম্মেলনের আজ দ্বিতীয় ও শেষ দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীও অংশ নেবেন।
সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থাকছেন। এর আগে গত বৃহস্পতিবার বাদ ফজর ঐতিহ্যবাহী এই মাদ্রাসা প্রাঙ্গণে মহাসম্মেলনের সূচনা হয়।