রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ, নির্মাণবিধি প্রতিপালন এবং নিয়ন্ত্রণাধীন কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে রাজউকের জোন-২/১ ও জোন-৫/১-এর আওতাধীন উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এবং মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজাসহ আশপাশের এলাকায় এসব অভিযান চালানো হয়।
রাজউকের জোন-২/১-এর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শান্তা রহমান। তাঁর সাথে ছিলেন অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শক আবু হেনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা মো. সরফুদ্দীন ও মো. নাজমুল হাসান।
অন্যদিকে জোন-৫/১-এর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মো. লিটন সরকার। এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার আবদুল্লাহ আল আজওয়াদ, প্রধান ইমারত পরিদর্শক মো. সাব্বির আহমেদ এবং ইমারত পরিদর্শক মো. মেহরাব হোসেন ও মো. রহমত উল্লাহ।
রাজউক সূত্রে জানা গেছে, পরিকল্পিত নগরায়ণ ও ভবন নির্মাণে শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনবহির্ভূত ও নকশাবহির্ভূত অনিয়ম চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর নিরাপত্তা ও নিয়ম নিশ্চিত করতে রাজউকের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!