এস এম সাঈদ হোসেন রিপন: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে বিশেষ কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহনের সময় মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর পেট থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে ঢাকামুখী 'দোলা পরিবহন'-এর একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার ও পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, আটকের পর রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করানো হলে তাঁর পেটে ইয়াবা থাকার সত্যতা মেলে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ও ওষুধ সেবনের মাধ্যমে মলদ্বারের সাহায্যে পেটের ভেতর থেকে মোট ২ হাজার ৩০০ পিস ইয়াবা বের করে আনা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!