বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে পরিবারের সঙ্গে রোজারিওতে কয়েকদিন কাটানোর পর আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ফিরেই ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। সামনে মেজর লিগ সকার (এমএলএস), লিগস কাপ ও ক্যাম্পিওনেস কাপের ব্যস্ত সূচি থাকলেও, সমর্থকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টিনা জাতীয় দলে তার ভবিষ্যৎ কী?
রোজারিওতে পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন লিওনেল মেসি। বুধবার (২৯ জুলাই) ভোর ৫টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমেই ক্লান্তি দূর করে কয়েক ঘণ্টার মধ্যে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে হাজির হন আর্জেন্টাইন মহাতারকা।
প্রধান কোচ অ্যাঞ্জেল গিয়ের্মো হয়োসের অধীনে মেসির অনুশীলনে যোগ দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইন্টার মিয়ামি। ক্লাবটির অফিসিয়াল পেজে একটি মজার ক্যাপশনও দেওয়া হয়েছে, ‘আজকের আগমনটা একটু ভিন্ন।’
প্রকাশিত ছবিগুলোতে একটি বিশেষ বিষয় সমর্থকদের নজর কেড়েছে। অনুশীলনে আসার সময় মেসির হাতে সেই বিশেষ মাতে সেট দেখা যায়, যা তিনি ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদের উপহার হিসেবে দিয়েছিলেন।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটিয়ে মানসিকভাবে সতেজ হয়েছেন মেসি। এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে।
আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। তবে ক্লাব সূত্র ও চিকিৎসকদের ধারণা, আগামী ৫ আগস্ট অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপ ম্যাচ দিয়েই পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামবেন মেসি। এরপর গ্রুপ পর্বে ইন্টার মিয়ামির পরবর্তী প্রতিপক্ষ মনতেরেই (৮ আগস্ট) ও লেওন (১৩ আগস্ট)। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর মিয়ামির নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মিশেলব আল্ট্রা চ্যাম্পিওনেস কাপের ফাইনাল খেলবে ইন্টার মিয়ামি।
এদিকে ক্লাব ফুটবলের ব্যস্ততার পাশাপাশি মেসির সামনে রয়েছে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আগামী সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে লিওনেল স্কালোনির দলের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে, যদিও প্রতিপক্ষ, ভেন্যু ও সময় এখনো নিশ্চিত করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!