দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ হাতে নিয়েছে সরকার। 'বিশ্ব বসতি দিবস ২০২৬' উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারের এই পরিকল্পনার কথা জানান।

তিনি উল্লেখ করেন, অনিয়ন্ত্রিত নগরায়ন, যানজট, দূষণ এবং জলবায়ুজনিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সুষম আঞ্চলিক উন্নয়ন ও বস্তিবাসীদের আবাসন নিশ্চিতকরণে কাজ করছে। শুধু একটি মাথার ওপর ছাদ নয়, বরং নিরাপদ পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক সুবিধা নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য।

পরিকল্পিত নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি জোরদার করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক 'উন্নয়ন কর্তৃপক্ষ' গঠন করা হচ্ছে। এই পদক্ষেগুলো জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-11) অর্জনে সহায়ক হবে। প্রধানমন্ত্রীর মতে, সর্বজনীন বাসস্থান ও টেকসই নগর গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।