রাজধানীর তুরাগে অসুস্থ ও অসহায় এক পরিবারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী।
আজ রবিবার সকালে তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের পুরান কালিয়া এলাকায় কিডনিসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত জহুরা বানুর পরিবারের খোঁজখবর নিতে যান তিনি। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে না পেরে পরিবারটি চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিল।
জহুরা বানুর শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে আব্দুল আলী নিজে সেখানে উপস্থিত হন এবং তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি জহুরা বানুকে সান্ত্বনা দিয়ে বলেন, “আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার পাশে আছি। অপারেশনের সময় আমাকে জানাবেন, আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।”
জনসেবামূলক মনোভাবের কথা ব্যক্ত করে আব্দুল আলী বলেন, “আমি ৫৩ নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো দুঃখ-দুর্দশার কথা শুনলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি নেতা হওয়ার জন্য রাজনীতি করি না। আমি কাউন্সিলর হই বা না হই, যতদিন বেঁচে থাকব, ততদিন ৫৩ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
তিনি আরও জানান, এর আগের দিনও তিনি আরও তিনটি অসুস্থ পরিবারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। ৫৩ নম্বর ওয়ার্ডে অর্থের অভাবে যেসব মানুষ চিকিৎসা করাতে পারছেন না, তাদের পাশে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল আলী বলেন, দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
৫৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই আব্দুল আলী এলাকার দরিদ্র ও অসহায় মানুষের বিপদে নানাভাবে পাশে দাঁড়াচ্ছেন। শাড়ি-লুঙ্গি বিতরণ, বৃক্ষরোপণ, চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতা, খেলাধুলার আয়োজন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তার নিয়মিত সম্পৃক্ততা রয়েছে। স্থানীয়রা মনে করেন, তার মতো একজন জনবান্ধব ব্যক্তি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে এলাকার দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল আলী বলেন, দল-মত নির্বিশেষে বিপদে থাকা মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত পরিদর্শনের সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা অসুস্থ জহুরা বানুর পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।