সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সাথে সাথে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বক্ষণিক বিশেষ নজরদারির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন উত্তরাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে বহু রোগী এই হাসপাতালে আসছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা এড়াতে চিকিৎসক ও নার্সরা বিশেষভাবে সজাগ রয়েছেন। ভর্তিকৃত রোগীদের প্লাটিলেট কাউন্ট, তরল পদার্থের ভারসাম্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকগুলো নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, ডেঙ্গু রোগীর অবস্থা যেকোনো সময় দ্রুত অবনতি হতে পারে—বিশেষ করে 'ডেঙ্গু শক সিন্ড্রোম' বা রক্তচাপ হ্রাসের মতো ঝুঁকি এড়াতে প্রতিটি রোগীর ক্ষেত্রে বিশেষ প্রটোকল অনুসরণ করা হচ্ছে। এছাড়া ডেঙ্গু ওয়ার্ডে আলাদা বেড ও সার্বক্ষণিক সেবার ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালের সেবার মান বজায় রাখা এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য সেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু চিকিৎসায় কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়া এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলা অত্যন্ত জরুরি। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের এই ডেঙ্গুবিরোধী বিশেষ সেবামূলক উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।