গাজীপুরের টঙ্গীর আন্দারুল এলাকায় স্থানীয় এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আন্দারুল এলাকায় স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টন পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টন তল্লাশি করে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করে। এরপর শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ককটেল উদ্ধারের এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন। তাদের দাবি, সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ককটেলগুলো বাড়িটির সামনে রেখে যাওয়া হয়েছে।
স্থানীয়দের একটি অংশ দাবি করেন, শনিবার রাত আনুমানিক দেড়টা থেকে পৌনে দুইটার দিকে একটি প্রাইভেটকারে করে শাহজালাল নামের এক ব্যক্তি এসে ককটেলগুলো ওই বাড়ির সামনে রেখে যান। এর প্রায় ১৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং ককটেলগুলো উদ্ধার করে। তবে স্থানীয়দের এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় একটি বিস্কুটের কার্টন থেকে ১০টি তাজা ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করা হয়। পরে ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”