আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব মণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করা হবে। মণ্ডপের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিমা বিসর্জনের সময় ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করে ধর্ম প্রতিমন্ত্রী আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রাখার পুরোনো ঐতিহ্য চর্চা ধরে রাখার আহ্বান জানান। এছাড়া অন্য ধর্মের উপাস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বা সম্পাদিত ঘটনার মাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায়, সে ব্যাপারে তাৎক্ষণিক সত্যতা যাচাই করে কঠোর আইনি পদক্ষেপ নিতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে অপরাধীর পরিচয় আড়াল না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো ঘটনার ক্ষেত্রে "ডিনায়েল স্টেজে" থাকতে চায় না। অপরাধীকে পাগল বা অসচেতন বলে পার পাওয়ার সুযোগ দিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। তাই সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থাই কার্যকর সমাধান।

উক্ত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।