গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি এলাকার চন্দ্রিমা হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ধরাভাঙ্গা এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা হাউজিংয়ের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে মাজেদাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গ্রেপ্তারকৃত মাজেদা বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।