টাঙ্গাইলের মধুপুরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সাত বছর বয়সী এক এতিম শিশুকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত দোকানদার ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া পূর্ব পাড়া গ্রামে। নির্যাতনের শিকার শিশুটির নাম জিহাদ (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির পাশে স্থানীয় মফেজ উদ্দিনের দোকানে চিপস কিনতে যায় শিশু জিহাদ। এ সময় দোকানদার মফেজ তাকে চুরির অপবাদ দিয়ে জোরপূর্বক নিজের বসতঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।

পরদিন সোমবার সকালে আহত জিহাদকে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে নিয়ে যান তার নানা মফিজুল ইসলাম ও নানী বকুলী বেগম। এ ঘটনায় জঘন্যতম এই নির্যাতনের বিচার চেয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মফেজ উদ্দিন পালিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং নারী-পুরুষসহ শত শত বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ভিড় জমান। তারা এতিম শিশুর ওপর এই নির্মম অত্যাচারের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত দোকানদারের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।