রাজধানীর বারিধারায় ফুটপাতে গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী কিশোর আযান আলী শরীফের জামিনের পক্ষে আদালতে অবস্থান নিয়েছে নিহতের পরিবার। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসামির জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, মামলার বাদীপক্ষের সঙ্গে আদালতের বাইরে ইতোমধ্যে ৯ লাখ টাকার বিনিময়ে সমঝোতা হয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং কিশোরের নাম এজাহারে ছিল না উল্লেখ করে বয়স বিবেচনায় তার জামিন প্রার্থনা করেন তারা।

এ সময় বিচারক উল্লেখ করেন, মামলাটিতে জামিন অযোগ্য ও আপস-অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে এবং এতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ায় সব দিক বিবেচনা করা প্রয়োজন।

শুনানির একপর্যায়ে নিহতের বাবা, বড় ভাই ও মামা আদালতে হাজির হয়ে জানান, সমঝোতা হওয়ায় কিশোরের জামিনে তাদের কোনো আপত্তি নেই। এরপর উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে আদালত অধিকতর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকার ১ নম্বর সড়কে একটি গাড়ি ফুটপাতে উঠে গেলে চাপা পড়ে নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৩ সেপ্টেম্বর গুলশান এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ এবং ২৪ সেপ্টেম্বর আদালত তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।