‘আমরা শান্তি চাই, তবে একে আমাদের দুর্বলতা ভেবে ভুল করলে বড় ভুল হবে।’ পাকিস্তানকে এমন স্পষ্ট ও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সম্প্রতি ‘এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬’-এ যোগ দিয়ে তিনি বলেন, ভারত প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, কিংবা যুদ্ধ বাধাতোও তাদের উদ্দেশ্য নয়। তবে এর অর্থ এই নয় যে জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে। প্রতিবেশী দেশ যতদিন সন্ত্রাসবাদের পথ থেকে সরে না আসবে, ততদিন সন্ত্রাসবাদীদের কোণঠাসা করতে যেকোনো কড়া পদক্ষেপ নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না নতুন ভারত। তাঁর এই বক্তব্যে মূলত পাকিস্তানের দিকেই আঙুল তোলা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সংঘটিত নৃশংস হামলায় ২৬ জনের প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ সিং জানান, ভারত এর আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে উপযুক্ত জবাব দিয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও পিছপা হবে না।
ভারত সবসময় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, যদি কেউ সীমান্ত পারের সন্ত্রাসবাদ জিইয়ে রাখে, তবে আলোচনার সেই পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত সবসময়ই আপসহীন এবং প্রস্তুত।
সূত্র: এনডিটিভি