ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানাতে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা একটি মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাবে অবস্থান গ্রহণ করেন।

পাশাপাশি ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতি যাতে কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ না নেয়, সে লক্ষ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব জানান, শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনা ঠেকাতে এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানার প্রায় ৬০ জন পুলিশ সদস্য পুরো সায়েন্সল্যাব এলাকায় দায়িত্ব পালন করছেন। উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে রাখা হয়েছে যেন বাইর থেকে কেউ ইট-পাটকেল নিক্ষেপ করতে না পারে।