ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার (ক্লোজড) করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় সালমান মুক্তাদির ঢাকার বাইরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঢাকায় ফিরে তিনি নিজের ক্ষতিগ্রস্ত স্টুডিও পরিদর্শনে যান এবং ফেসবুক লাইভে ক্ষ ক্ষয়ক্ষতি তুলে ধরেন।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দাবি করে না পেয়ে বিএনপির স্থানীয় লোকজন প্রতিশোধ হিসেবে তাঁর স্টুডিওতে এই হামলা চালিয়েছে। স্টুডিওর এক কর্মকর্তা জানান, প্রায় ১৫০ জনের একটি দল চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়, কর্মকর্তা-কর্মচারীদের টয়লেটে আটকে রেখে ভয়ভীতি দেখায় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
অন্যদিকে, ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক জানান, ঘটনাটি মূলত একটি জমি সংক্রান্ত দুই পক্ষের বিরোধের জেরে ঘটেছে। এক পক্ষ নিজেদের জমিতে প্রবেশ করতে গিয়ে লোকবল নিয়ে এলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় এবং এর মাঝে পড়ে স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও সালমান মুক্তাদির জানান, তিনি তাঁর কাজ থামিয়ে দেবেন না এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে মামলা করবেন।