জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান ও নিউইয়র্কে পাঁচ দিনের সফল সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-৫৮২’ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ। সফরকালে গত ২৪ সেপ্টেম্বর বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দেন তিনি। ভাষণে বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু, জলবায়ু ন্যায়বিচার, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ বিভিন্ন বৈশ্বিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, দেড় দশকের শাসন-শোষণের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরছে। দেশ গঠনে সরকার ‘Recovery, Restoration and Reconstruction’ (3-R) কৌশল গ্রহণ করেছে বলেও তিনি বিশ্ববাসীকে অবহিত করেন।

সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাসংক্রান্ত উচ্চপর্যায়ের বিভিন্ন সাইডলাইন ইভেন্টেও অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ৮টি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে চারটিতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।