নিরাপত্তাজনিত ও প্রশাসনিক নির্দেশনার কারণে আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে নির্ধারিত পাকিস্তানি জনপ্রিয় সংগীতদল কাভিশের ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ কনসার্টটি শেষ মুহূর্তে আবারও স্থগিত করা হয়েছে। প্রায় ১০ মাস আগে প্রথমবার নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয়েছিল।

কনসার্টটিতে কাভিশের সাথে একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড 'শিরোনামহীন' ও 'মেঘদল'-এর পারফর্ম করার কথা ছিল। তবে আয়োজন শুরুর মাত্র দুই দিন আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনায় স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইমওয়েভ কমিউনিকেশনস’।

এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান জানায়, প্রয়োজনীয় সকল প্রস্তুতি, আনুষ্ঠানিকতা ও অনুমোদন সম্পন্ন করা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কনসার্টটি স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য দর্শকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে তারা জানান, সকল প্রক্রিয়া ও সরকারি অনুমতি সাপেক্ষে দ্রুতই কনসার্টের নতুন তারিখ জানানো হবে।

আয়োজকরা আরও নিশ্চিত করেছেন, পূর্বে কেনা সব টিকিট নতুন তারিখে আয়োজিত কনসার্টেও পুরোপুরি কার্যকর থাকবে।