সংসদে মারমুখী বা বিশৃঙ্খল আচরণ নয়, বরং নীতি ও মানবতাকে ধারণ করে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "সরকার যদি বিরোধী দলের ভালো পরামর্শ না-ও নেয়, তবুও সংসদে ফাইল ছুড়ে বিশৃঙ্খলা তৈরি বা ওয়াকআউট করা কোনো সমস্যার সমাধান নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংসদে ফাইল ছোড়ার মতো বিরোধী দল আমরা হব না। স্পিকার গুম করা বা জংলি কোনো কাজ আমরা করব না; যা করব তা এথিক্স, আইন ও নীতি মেনে জনগণের স্বার্থেই করব।"

সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, তেলের সংকট নিরসনে জামায়াতের প্রস্তাবের ভিত্তিতে সরকারি ও বিরোধী দলের সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের উদ্যোগটি মানুষের মনে আস্থা ফিরিয়ে এনেছিল। তবে সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা, শিশু নির্যাতন ও নিত্যপণ্যের উর্ধ্বগতির বিষয়ে তাদের নোটিশগুলো আলোচনায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে।

দেশের শিল্প খাত ও অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, পোশাক খাতসহ নানা ক্ষেত্রে অর্ডার কমায় উৎপাদন সক্ষমতা হ্রাস পাচ্ছে। শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে শ্রমিক ছাঁটাই অনিবার্য হয়ে উঠবে, যা সামাজিকভাবে অপরাধ ও হতাশা বাড়াবে। তিনি জানান, জামায়াতের নিজস্ব অভিজ্ঞ কারিগরি বিশেষজ্ঞ দল রয়েছে, যাদের সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি।

সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে জামায়াত আমির জানান, সার্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি কর্মকর্তা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে জামায়াত তার স্পষ্ট বিরোধিতা করবে। তিনি উল্লেখ করেন, নির্বাচিত হওয়ার আগেই তাদের দল ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার ঘোষণা দিয়েছিল এবং নির্বাচিত হয়ে তা বাস্তবায়ন করেছে।

সংবাদমাধ্যমের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাক্ষাৎকার ও বক্তব্যের অংশবিশেষ কেটে ফটোকার্ড তৈরি করায় মূল অর্থ বিকৃত হয় এবং মানুষ বিভ্রান্তিতে পড়ে।

সরকারের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে সরকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে বিএনপির নানা কর্মকাণ্ডের কারণে ফাটল ধরেছে বলেও তিনি দাবি করেন।