মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী 'নিউ বলেশ্বর পরিবহন'-এর একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তেতৈতলা এলাকার একটি হোটেল থেকে একটি প্রাইভেটকার বের হয়। প্রাইভেটকারটি রং সাইড দিয়ে মহাসড়কে উঠে ঢাকার দিকে ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে দ্রুতগতির বাসের সাথে সেটির তীব্র সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজল চন্দ্র সরকার আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা। নিহত অন্য একজনের পরিচয় মিলেছে লিটন মিয়া (৬৫) হিসেবে। পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
দুর্ঘটনাকবলিত বাসটির এক যাত্রী জানান, চালক অনভিজ্ঞ হওয়ায় শুরু থেকেই অসন্তোষ ছিল যাত্রীদের মধ্যে। তবে ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারটি ভুল দিক থেকে এসে ইউটার্ন নেওয়ার চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।