গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গী স্টেশন রোড এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার সকালে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অস্বাস্থ্যকর পচাবাশি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টেশন রোড এলাকার হোটেল ও রেস্তোরাঁয় তদারকি চালান। এ সময় পচাবাশি খাবার সংরক্ষণের অপরাধে 'পালকি রেস্টুরেন্ট'-কে ২০ হাজার টাকা এবং 'আল আমিন বেকারি'-কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে যানজট নিরসন ও পথচারীদের চলাফেরা সহজ করতে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ।
উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, বিএনপি নেতা আব্দুর রহিম কালা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।