গাজীপুরে ছেলের বিয়ের কেনাকাটা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গ্রিন টিভির গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন ও তাঁর পরিবার।
দুর্ঘটনায় তাঁরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, এ সময় গাড়ি থেকে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে হামলার গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ছেলের বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে গাজীটুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন সাংবাদিক নাসির উদ্দিন। পথে দুপুর পৌনে ১টার দিকে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তাঁর মা ও সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও, এই সুযোগে গাড়ির ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার ভিডিও ফুটেজও ক্যামেরায় ধারণ করা রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। তবে অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে ইমরান নামের এক ব্যক্তির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর আরও হামলা চালায়।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর পরিবারের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।