আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশ অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামায়াত একের পর এক লংমার্চ কর্মসূচি ঘোষণা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাকিয়ে আছে জামায়াতের দিকে, যাতে তারা রাষ্ট্রকে অশান্ত করতে পারে এবং সেই সুযোগে আওয়ামী লীগ আগামী ডিসেম্বরে দেশে ফিরে আসতে পারে। একই সঙ্গে জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় বলে অভিযোগ করেন তিনি। স্বার্থের জন্য জামায়াত আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে হাত মিলিয়েছে দাবি করে তিনি দেশবাসীকে এ বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন ও সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।