মিয়ানমারের দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে এবং শুক্রবারও ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।
মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশাল তাদের ফেসবুক পেজে হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ১১ ও ১২ সেপ্টেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার বিমানবন্দরটি লক্ষ্য করে ৬টি ফার্স্ট-পারসন-ভিউ সুইসাইড ড্রোন নিক্ষেপ করে গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিমানবন্দরের একটি সামরিক যুদ্ধবিমানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং রানওয়ে কিংবা যানেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। উল্লেখ্য, ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।