ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর পতেঙ্গার কমিশনার ঘাটা, দক্ষিণ পাড়া ও বাটারফ্লাই রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশক নিধন ও নাগরিক সচেতনতামূলক অভিযান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই প্রতি তিন দিনে একদিন জমে থাকা পানি ফেলে দিতে হবে এবং বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, বালতি, ড্রাম ও নির্মাণাধীন ভবন নিয়মিত পরীক্ষা করতে হবে। যত্রতত্র পলিথিন, ডাবের খোসা বা পরিত্যক্ত পাত্র না ফেলে নিজ আঙিনা ও ঝোপঝাড় পরিষ্কার রাখার ওপরও তিনি জোর দেন।
চসিকের ওষুধ ছিটানোর কার্যক্রমে কোনো গাফিলতি থাকলে নাগরিকদের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে জানানোর অনুরোধ করে তিনি বলেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গুতে মৃত্যু রোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত কর্মসূচিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।