রাজধানীর দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগে আনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে। উজ্জ্বল দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুল সাত্তারের ছেলে।