রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশ কর্তৃক বাস ডাম্পিং করার প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলের এই ঘটনার ফলে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়কে যান চলাচল সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
সড়ক অবরোধের কারণে মহাখালী ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হওয়ায় নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।