নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের বটির কোপে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার গ্রহণ করছিলেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা তৈরি করতে গেলে সেখানে উপস্থিত ছেলে ইয়াসিনকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। এ সময় আকস্মিক ক্ষিপ্ত হয়ে ইয়াসিন রান্নাঘরে থাকা ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কুন্ডু মিয়া। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ইয়াসিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবকের মানসিক অসুস্থতার কথা তার পরিবার জানিয়েছে। পুলিশ পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।