ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় নিজ বাসা থেকে ২৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই নারীর হাতের আঙুল ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। বাসার ফ্রিজ থেকে তার মাথা উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে।

সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশীদের কাছ থেকে দুর্গন্ধের অভিযোগ পেয়ে রোববার ওই বাসায় যায় পুলিশ। কয়েক মাস আগে বিয়ে করা এই দম্পতি বাসাটিতে বসবাস করছিলেন। প্রতিবেশীরা পুলিশকে বলেছেন, তারা দুই দিন ধরে ওই দম্পতিকে দেখেননি এবং তাদের ফোনও বন্ধ ছিল।

এরপর পুলিশ বাসার তালা ভেঙে ভেতর থেকে ওই নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে। তার আঙুলগুলোও অর্ধেক কাটা অবস্থায় ছিল। পুলিশ বলেছে, মরদেহে পচন ধরতে শুরু করেছে এবং মাথা নিখোঁজ ছিল।

নিহত নারীর নাম রিয়া তালুকদার। ঘর তল্লাশি করে পুলিশ রেফ্রিজারেটরে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে ওই নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। তার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বলেছেন, শুক্রবার তাকে শেষবার দেখেছিলেন তারা।

বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে রোববার রাতে অভিযুক্ত স্বামী রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তদন্তকারী কর্মকর্তারা অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করছেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার নেপথ্যের কারণ জানতে বিস্তারিত তদন্ত ও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আসাম পুলিশ।