বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের ক্ষেত্রে কেবল নির্দিষ্ট কিছু দেশের ওপর একমুখী নির্ভরতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
শনিবার (১৩ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, "প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ১০ থেকে ১৩ লাখ মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে প্রায় ৮০ শতাংশ মানুষেরই একমাত্র গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই একমুখী নির্ভরতা আমাদের রেমিট্যান্স খাতের জন্য একটি বড় ঝুঁকি। কারণ, মধ্যপ্রাচ্যের যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন বা অভ্যন্তরীণ সংকটের কারণে লাখ লাখ প্রবাসী পরিবারের জীবন-জীবিকা মুহূর্তেই হুমকিতে পড়তে পারে।" তিনি আরও মনে করিয়ে দেন যে, দেশের বর্তমান ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনগোষ্ঠীর আধিক্যের সুবিধাও কিন্তু বেশিদিন স্থায়ী থাকবে না।
বিদেশের নতুন ও সম্ভাবনাময় শ্রমবাজারগুলো ধরার তাগিদ দিয়ে নুরুল হক বলেন, "জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশ এখন উচ্চমানের দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। এই উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশকে খুব দ্রুত ও বিচক্ষণতার সাথে কাজে লাগাতে হবে। গন্তব্য পরিবর্তনের জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে, অন্যথায় এই সুবর্ণ সুযোগ আমাদের হাত থেকে চিরতরে বেরিয়ে যাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক। গোলটেবিল বৈঠকে বক্তারা বাংলাদেশের তরুণদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।