রাজধানীর দারুস সালাম থানার মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামের এক গৃহিণী আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারীর ছেলে ইয়াসিন জানান, তার মা রাত সাড়ে আটটার দিকে খোলা জানালা দিয়ে টেলিভিশন দেখছিলেন, এমন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মায়ের ডান হাতে লাগে। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাত দশটা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জেসমিন বেগম পরিবার নিয়ে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসার নিচ তলায় ভাড়া থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ডান হাতে গুলিবিদ্ধ ওই নারীর বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।