গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি ভাঙারির গোডাউনে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি গোডাউন এবং একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গোডাউনে থাকা বিভিন্ন মালামাল ও বসতবাড়ির আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।