জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত বিতর্কিত বিল পর্যালোচনার জন্য মাত্র দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া এবং বিলটিকে দুর্বল করার প্রতিবাদের অংশ হিসেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতের দুই সদস্য উপস্থিত থাকলেও বিলটি উত্থাপনের পর তারা ওয়াকআউট করেন।

বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যা করে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র ড. মোহাম্মদ নাজিবুর রহমান জানান, প্রস্তাবিত বিলটি আন্তর্জাতিক কনভেনশন, প্যারিস প্রিন্সিপলস এবং গ্যানরির (GANHRI) স্বীকৃত মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত করা হয়েছে এবং অংশীজনদের মতামত উপেক্ষা করে তড়িঘড়ি করে এটি পাসের চেষ্টা চলছে।

জামায়াত অভিযোগ করেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সংসদীয় কমিটিকে 'রবার স্ট্যাম্পে' পরিণত করা হচ্ছে এবং ভবিষ্যতে তারা এই আইন প্রণয়ন প্রক্রিয়ার কোনো পর্যায়ে অংশ নেবে না।