নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পর বিভিন্ন দেশের পক্ষ থেকে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছে নেপাল সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দলের পরিবর্তে বর্তমানে তাদের কেবল নগদ অর্থ সহায়তা প্রয়োজন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে পরবর্তীতে অবকাঠামো সংস্কারের কাজের জন্যও বিদেশিদের কাছে অর্থ সহায়তা চাওয়া হবে। ইতিমধ্যে কিছু দেশ নেপালকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।

বিদেশি উদ্ধারকারী দলগুলোর সহায়তা প্রত্যাখ্যান করার পেছনে মূলত ২০১৫ সালের ভূমিকম্পের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে নেপাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সেবার অনেক দেশের উদ্ধারকারী দলকে আসার অনুমতি দেওয়া হলেও তাদের মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা জটিলতা তৈরি হয়েছিল। তাই এবার সেনাবাহিনী ও পুলিশের পরামর্শেই বিদেশি উদ্ধারকারীদের প্রস্তাব রাখা হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও জানান, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। এমনকি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় পর্যটকদের উদ্ধারের জন্য ভারত সরাসরি অভিযানে অংশ নিতে চাইলেও কাঠমান্ডু তাতে অনুমতি দেয়নি। নেপালের নিজস্ব সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীরই এ ধরনের দুর্যোগ সামাল দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

(সূত্র: কাঠমান্ডু পোস্ট)